মাগুরার শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তাদের অভিযোগ, আগের তুলনায় পণ্যের মান কমেছে, আবার একই সঙ্গে প্যাকেজের দামও ২০০ টাকা বেড়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয়কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে টিসিবির একটি প্যাকেজে সাবান, ডিটারজেন্ট পাউডার এবং চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল দেওয়া হচ্ছে। আগে যেখানে সয়াবিন তেল সরবরাহ করা হতো, সেখানে এখন চালের ব্রান তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি সাবান ও ডিটারজেন্টের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতারা।

টিসিবি কার্ডধারী কয়েকজন সুবিধাভোগী জানান, প্যাকেজের কোনো পণ্যের মানই সন্তোষজনক নয়। সাবান দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না, ডিটারজেন্টেও ময়লা ঠিকমতো ওঠে না। ভোজ্যতেল রান্নায় ব্যবহার করলেও আগের মতো স্বাদ পাওয়া যায় না। অথচ একটি প্যাকেজের দাম ৪৭০ টাকা থেকে বাড়িয়ে ৬৭০ টাকা করা হয়েছে। বেশি দাম দিয়ে নিম্নমানের পণ্য নিতে বাধ্য হচ্ছেন তারা।

অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. বাবলুর রহমান বলেন, টিসিবি থেকে যে যে পণ্য সরবরাহ করা হয়, সেটিই তারা বিক্রি করেন। পণ্যের মান বা দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই। নিম্নমানের পণ্য হওয়ায় অনেকে এ সকল পণ্য নিতে না চাওয়ায় আমরা পড়েছি চরম ভোগান্তিতে।

এ বিষয়ে জানতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ঝিনাইদহ থেকে টিসিবির এ পণ্যগুলো সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে আমি তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/জেআইএম