লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হওয়ার আট মাস পেরিয়ে গেলেও সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক কিশোরীর কোনো খোঁজ মেলেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন তার মা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়েকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান তিনি।
নিখোঁজ তৃপ্তি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় যান তৃপ্তির মা রহিমা বেগম। সেদিন বিকেলে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি জানতে পারেন, তৃপ্তি বাড়ি থেকে পাশের কালিবাজারে গেছে। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ২০২৫ সালের ৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তৃপ্তির মা। তবে আট মাস পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
রহিমা বেগম বলেন, তৃপ্তি আমার ছোট মেয়ে। ৮ মাস হয়ে গেলো আমার মেয়েকে কোথাও পাচ্ছি না। পুলিশও আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি। এ অবস্থায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তৃপ্তিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে তৃপ্তি নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা থানায় নিখোঁজ ডায়েরি করেছে, তাও পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কাজল কায়েস/কেএইচকে/জেআইএম








