ব‌রিশা‌লের উজিরপু‌রে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ভুক্তভোগী কিশোরীর চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। আদেশকা‌লে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম।

জানা গেছে, কাজের সূত্রে মামলার বাদী বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে তাঁর মেয়েকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসামি ধর্ষণ করেন। এতে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

২০২৩ সালের ২২ মার্চ আসামি ওই কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি ভুক্তভোগী পরে তার মাকে জানালে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।

ওই মামলায় উজিরপুর মডেল থানা-পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। আদালত দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।