সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে বৃস্পতিবার (২ জুলাই) বাংলা (আবশ্যিক) ১মপত্র বিষয়ে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বোর্ডের আওতাধীন চার জেলার ৯৬টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৭৬ জন পরীক্ষার্থী ছিলেন। তবে কোনো কেন্দ্র থেকে বহিষ্কারের ঘটনা ঘটেনি এবং সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত দৈনন্দিন তথ্য বিবরণীতে বলা হয়, অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ। কোনো কেন্দ্রে গোলযোগের তথ্য পাওয়া যায়নি।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ৩৭টি কেন্দ্রে মোট ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৪ হাজার ৬৪৫ জন, অনুপস্থিত ৩৭৩ জন, যা শতকরা হিসাবে ১ দশমিক ৪৯ শতাংশ। হবিগঞ্জ জেলায় ২০টি কেন্দ্রে ১০ হাজার ১৮০ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২৩৯ জন, যার হার ২ দশমিক ৮০ শতাংশ, যা চার জেলার মধ্যে সর্বোচ্চ। মৌলভীবাজারে ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে অনুপস্থিতির হার ২ দশমিক ২৮ শতাংশ এবং সুনামগঞ্জে ২২টি কেন্দ্রে ১০ হাজার ৬৫০ জনের মধ্যে অনুপস্থিতির হার ২ দশমিক ৪৫ শতাংশ।








