ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কার্ডে উল্লিখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। পরে যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, “প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় না মেলায় সন্দেহ হয়। পরে যাচাই করে নিশ্চিত হই যে, প্রবেশপত্রটি ভুয়া। ঘটনার পর দুজনকে আটক করে রাখা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। পরিবারের সদস্যরা জরিমানার টাকা প্রদান করে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন।”