বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় আইজিপি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








