শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার বিসিসির ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় এটি হত্যা করে ওই বিজ্ঞাপন দেয় তারা। এ ঘটনায় স্থানীয় পশুপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে লোক পাঠানো হয়েছে।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন বন্যপ্রাণীটি হত্যা করে। পরে ‘নাইম রাজ’ নামের ফেসবুকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির বিতর্কিত এক বিজ্ঞাপন পোস্ট করা হয়। মুহূর্তেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পশুপ্রেমী সংগঠনসহ অনেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে শুরু করেন। আইন লঙ্ঘন করে বন্যপ্রাণী হত্যা এবং মাংস বিক্রির বিজ্ঞাপন প্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় পরিবেশবাদীরা।







