রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল ও সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে একটি বাড়িতে অভিযানটি চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বাড়িতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।

অভিযানে ৭২ বস্তা ভেজাল সার, সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল পারুল ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে অভিযানের সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, মাহাবুবার রহমান মণ্ডল, আসাদুল ইসলাম ও শামসুজ্জামান।