টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

আজ শুক্রবার দুপুরে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

দেলদুয়ার থানার তদন্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম জানান, র‍্যাব-১৪-এর (সিপিসি-৩) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছিলিমপুর বাসস্ট্যান্ডের কাছে সিএনজিচালিত অটোরিকশাটিকে আটক করে। এ সময় অটোরিকশা থেকে ৯ হাজার ৯০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শরীফুল ইসলাম আরও জানান, আনোয়ার হোসেন মানিকগঞ্জ থেকে ইয়াবা নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।