‘আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ’–এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান তামান্না রহমান।উপজেলা খেলাঘরের সহসভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত, নৃত্য ও আবৃত্তি। দ্বিতীয় পর্বে সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ, শোক প্রস্তাব গ্রহণ ও নতুন কমিটি গঠন করা হয়।সম্মেলনে আজিজুল ইসলাম মুকুলকে সভাপতি ও লায়ন রাজা রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান তামান্না রহমান।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রথীন চক্রবর্তী, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, জেলা কমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, রূপগঞ্জ খেলাঘরের সভাপতি জয়নাল আবেদীন হীরা ও নারী নেত্রী তৌফিকা শাহেদ রীনা প্রমূখ। সম্মেলনে উপজেলা খেলাঘরের বিভিন্ন আসরের প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা অংশ নেন।/