স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। দল হিসেবে খুব শিগগিরই আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে।শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।"জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা আসলে পর্দার অন্তরালের কথা।"আওয়ামী লীগের বর্তমান তৎপরতা নিয়ে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এখন বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।"একই সাথে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।"আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।








