ফেনীর সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে খামার মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। রাতেই অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার করে পুলিশ। তবে দীর্ঘসময় গাড়িতে থাকার কারণে প্রায় ২ লাখ টাকারমাছ নষ্ট হয়ে গেছে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে মাছবোঝাই ওই পিকআপটি উপজেলার চর খোন্দকার এলাকা থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তারা চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনাটি জানতে পেরে খামার মালিক নুরুল আমিন তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। অভিযোগ পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ দ্রুত অভিযানে নামে এবং সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে পিকআপটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গাড়িটি ফেলে রেখেই পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এতে জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
খামার মালিক নুরুল আমিন বলেন, ‘ছিনতাইয়ের কারণে গাড়িটি দীর্ঘক্ষণ আটকে থাকায় এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রায় ২ লাখ টাকার মাছ নষ্ট হয়ে গেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।’
এ বিষয়ে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’
আবদুল্লাহ আল-মামুন/কেজে/জেআইএম








