বর্ষা মানেই প্রকৃতিপ্রেমীদের কাছে অন্যরকম উৎসব। মেঘ, টুপটাপ বৃষ্টি, সবুজে মোড়া পাহাড় আর জলে ডুবে থাকা বন—সব মিলিয়ে বর্ষা হয়ে ওঠে ভ্রমণের আদর্শ সময়। আপনি যদি শহুরে ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য প্রকৃতির কাছে হারিয়ে যেতে চান, তাহলে বর্ষায় ঘুরে আসতে পারেন দেশের কয়েকটি মনোমুগ্ধকর গন্তব্যে।

সবুজে মোড়া শ্রীমঙ্গল

চায়ের সুবাস আর বৃষ্টিভেজা সবুজের অনন্য মেলবন্ধন দেখতে চাইলে চলে যেতে পারেন শ্রীমঙ্গল-এ। বর্ষাকালে এখানকার বিস্তীর্ণ চা-বাগান যেন নতুন প্রাণ ফিরে পায়। পাহাড়ি ঢালে সারি সারি চা-গাছ, কুয়াশার চাদর আর বৃষ্টির মৃদু শব্দ মিলিয়ে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ। পাশাপাশি ঘুরে দেখতে পারেন লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং মাধবপুর লেক। বর্ষার দিনে শ্রীমঙ্গলের প্রকৃতি যেন আরো রহস্যময় ও আকর্ষণীয় হয়ে ওঠে।

রাতারগুল

বর্ষাকালের ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট। বর্ষায় এই বন পানিতে ডুবে যায়, আর ছোট নৌকায় চড়ে বনভ্রমণের অভিজ্ঞতা হয়ে ওঠে অবিস্মরণীয়। পানির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা করচগাছ, নীরবতা আর পাখির ডাক—সব মিলিয়ে মনে হবে যেন আপনি প্রকৃতির এক গোপন রাজ্যে প্রবেশ করেছেন। বর্ষাকালেই রাতারগুলের আসল সৌন্দর্য ধরা দেয়।

সাজেক

যারা পাহাড়ে কাছে কাছ থেকে মেঘের ভেসে যাওয়া দেখতে চান, তাদের জন্য আদর্শ গন্তব্য সাজেক ভ্যালি। বর্ষায় সাজেকের পাহাড়গুলো মেঘে ঢেকে থাকে প্রায় সারাক্ষণ। কখনো মনে হবে আপনি মেঘের ভেতর হাঁটছেন, আবার কখনো মেঘ সরে গিয়ে উন্মোচিত হবে সবুজ পাহাড়ের বিস্তৃত দৃশ্য। তবে বর্ষাকালে পাহাড়ি এলাকায় ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া জরুরি।

হাওরের জলরাশি আর নৌবিহার

বর্ষার সময় টাঙ্গুয়ার হাওর-এ গেলে দেখা মিলবে বাংলাদেশের এক ভিন্ন রূপ। চারদিকে শুধু জল আর জল, মাঝে ভাসমান নৌকা। সন্ধ্যায় হাওরের বুকজুড়ে সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে। প্রকৃতির সান্নিধ্যে কিছু নিরিবিলি সময় কাটাতে চাইলে এটি হতে পারে দারুণ একটি গন্তব্য।

বর্ষাকালে ভ্রমণে বের হলে সঙ্গে অবশ্যই ছাতা, রেইনকোট ও প্রয়োজনীয় ওষুধ রাখুন। পাহাড়ি এলাকায় ভূমিধস বা অতিবৃষ্টির ঝুঁকি থাকলে ভ্রমণ স্থগিত করাই ভালো। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে ভুলবেন না।

সূত্র: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড