টানা কয়েক দিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। বর্তমানে হ্রদে রুলকার্ভের (পানির আদর্শ পরিমাপ) চেয়ে পাঁচ ফুট পানি বেশি রয়েছে। ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কয়টি ইউনিট সচল রেখে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত এবং উজান থেকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়তে থাকে। এতে পানির ওপর নির্ভরশীল এ বিদ্যুৎ কেন্দ্রে এক সপ্তাহে দুইবার উৎপাদন বেড়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল করা হয়, যার মাধ্যমে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। হ্রদে আরো পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে আরো ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা হচ্ছে। এতে এই কেন্দ্র থেকে বর্তমানে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিদ্যুৎ উৎপাদনের এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯০ দশমিক ৩১ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা ৮৫ দশমিক ৪৪ এমএসএল। হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।








