বর্ষা যেমন গরম থেকে স্বস্তি এনে দেয়, তেমনি বাড়িয়ে দেয় সংক্রমণ, মশাবাহিত রোগ ও দূষিত পানির কারণে নানা অসুখের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ স্বাস্থ্যবিধি মেনে চললেই এ সময় সুস্থ থাকা সম্ভব।

বর্ষাকালে সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকিগুলোর একটি হলো দূষিত পানি। টানা বৃষ্টিতে পানির উৎসে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণু মিশে যেতে পারে, যা থেকে গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ— •    পান করার আগে পানি ফুটিয়ে নিন অথবা মানসম্মত ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করুন। •    পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্রে পানি সংরক্ষণ করুন। •    রাস্তার পাশের দোকান বা খোলা পাত্রের পানি পান করা এড়িয়ে চলুন। দূষিত পানি থেকে কলেরা, টাইফয়েড ও গ্যাস্ট্রোএন্টারাইটিসের মতো রোগ হতে পারে। তাই পান করা, রান্না এবং মুখের পরিচ্ছন্নতার জন্য নিরাপদ পানি ব্যবহার করা খুবই জরুরি।

হাত-পায়ের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিন

বর্ষায় ভেজা ও কাদাযুক্ত পরিবেশে ছত্রাকজনিত সংক্রমণ এবং ত্বকের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পায়ে বেশি দেখা দেয়। এ ঝুঁকি কমাতে— •    খাবারের আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান-পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। •    পা সব সময় পরিষ্কার ও শুকনো রাখুন। প্রয়োজন হলে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন। •    জমে থাকা পানি বা কাদার মধ্যে খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকুন। এসব অভ্যাস ছত্রাকজনিত সংক্রমণ, অ্যাথলেটস ফুট এবং ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকুন

বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জমে থাকা পানি মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে যায়। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ— •    মশার প্রতিরোধক, মশারি এবং জানালায় নেট ব্যবহার করুন। •    বিশেষ করে সন্ধ্যার পর ফুলহাতা পোশাক পরুন। •    বাড়ির আশপাশে টব, পুরোনো টায়ার বা অন্য কোনো পাত্রে পানি জমতে দেবেন না। তাদের মতে, মশার বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পুরো এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

টাটকা খাবার খাওয়ার অভ্যাস করুন

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ঠিকমতো সংরক্ষণ না করলে খাবারে জীবাণু জন্মানোর আশঙ্কাও বাড়ে। এ জন্য— •    সম্ভব হলে সদ্য রান্না করা খাবার খান। •    দীর্ঘ সময় বাইরে রাখা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। •    খোলা বা রাস্তার পাশের খাবার এড়িয়ে চলুন। •    ফল ও শাকসবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন। এতে খাদ্যে বিষক্রিয়া, পেটের সংক্রমণ ও ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগের ঝুঁকি কমে।

ছোট ছোট অভ্যাসই রাখবে সুস্থ

বর্ষাকালে আবহাওয়া যেমন মনোরম হয়ে ওঠে, তেমনি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার প্রতিও বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কয়েকটি সাধারণ সতর্কতা মেনে চললে মৌসুমি রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

নিরাপদ পানি পান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার আক্রমণ থেকে সুরক্ষা এবং নিরাপদ খাবার খাওয়ার মতো অভ্যাসগুলো বর্ষাজুড়ে সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের পাশাপাশি আশপাশের পরিবেশও পরিষ্কার রাখুন এবং প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্ব দিন।

সূত্র: লাইভমিন্ট