রংপুর-ঢাকা মহাসড়কে বাসচাপায় আবুল কাশেম (৪৫) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালককে আটক করা হলেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেন। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আজ রোববার সকাল ১০টায় রংপুর নগরের মডার্ন মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম জিয়াতপুকুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবং নগরের ধর্মদাস মিলনপাড়া জামে মসজিদের খতিব। তিনি ধর্মদাস মিলনপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ঢাকাগামী আর.এম. স্পেশাল পরিবহনের একটি বাস সকাল ৯টায় মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্র এলাকায় পেছনে নেওয়ার সময় পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাসটি আটক করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে সকাল ১০টায় বিক্ষুব্ধ জনতা আটক বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিহত আবুল কাশেমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক মর্তুজাকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’








