পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘ অপেক্ষার বদলে নির্ধারিত সময়ের মধ্যেই বৃহস্পতিবার (২৭ আগস্ট) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৭৪ শতাংশ।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী।

ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাউবির ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করে যাচ্ছে।”

তিনি বলেন, “নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা এবং ফল প্রকাশের পুরো প্রক্রিয়াকে আরো দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার কাজ চলছে। এবারের এসএসসি পরীক্ষার ফল মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে।” তার মতে, এটি ফল প্রকাশে দীর্ঘসূত্রতার পুরোনো ধারণা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, “যারা এবার সফল হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কারণ নেই।” পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীবান্ধব পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান উপাচার্য। তিনি বলেন, “পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং পরবর্তী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

ফল প্রকাশ ও পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক, পরীক্ষা কমিটি, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, পরীক্ষা বিভাগ, আইসিটি বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার বিশ্ববিদ্যালয় হিসেবে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের ওয়েবসাইট result.bou.ac.bd-এ পাওয়া যাবে।