ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুরে একটি বেগুন খেত থেকে ৭টি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফারুক মন্ডল নামে একজনকে আটক করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদরাসার পাশের একটি জমি গাছগুলো উদ্ধার করা হয়। আটক ফারুক মন্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করে। অভিযানকালে চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের বেগুন খেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি গাঁজাগাছ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাছগুলোর ওজন প্রায় ৫ কেজি। আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। প্রায় পাঁচ মাস ধরে ফারুক মন্ডল বেগুন খেতে গাঁজা চাষ করছিলেন বলে পুলিশ জানায়।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।








