মরক্কোর বিপক্ষে জয়ের পর আবারও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ। তবে বেলজিয়াম হোক বা স্পেন—কাউকেই আলাদা করে গুরুত্ব দিতে রাজি নন এই তারকা ফরোয়ার্ড।
এমবাপে বলেন, ‘আমার কাছে কোনো পার্থক্য নেই। যদি বেলজিয়াম হয়, তাহলে বেলজিয়াম। যদি স্পেন হয়, তাহলে স্পেন। দেখা যাক কী হয়। এটা সেমিফাইনাল, আর সেমিফাইনাল সব সময়ই কঠিন।‘
ফরাসি জাতীয় দলে এখন নিজেকে আগের চেয়ে বেশি নেতা মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে এমবাপে বলেন, 'ফ্রান্স দলের সঙ্গে আমি দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি। এই দলটা আমার কাছে খুবই বিশেষ। অনেক খেলোয়াড় বহু বছরের বন্ধু, আবার তরুণরা এখন আমাকে সিনিয়রদের একজন হিসেবে দেখে।‘
তিনি আরও বলেন, ‘দলের জন্য আমাকে উদাহরণ হতে হয়, বিশেষ করে মানসিক দিক থেকে। কারণ মাঠের বিষয়টা ফুটবল, কিন্তু মানসিকভাবে আমার অভিজ্ঞতা বেশি। এই দলে আমার চেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ আর কেউ খেলেনি। বিশ্বকাপে খেলার চাপ, অনুভূতি ও বাস্তবতা আমি জানি। সেই অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করে নেওয়াই আমার দায়িত্ব।‘
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানি, স্বস্তি পাওয়ার একটাই উপায়—জয়। সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি। তবে কাজ এখনও শেষ হয়নি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর আমরা তার জন্য প্রস্তুত।‘
মরক্কোর অধিনায়ক ও ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমিকে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও কথা বলেন এমবাপে। তিনি বলেন, ‘আসলে কঠিন মুহূর্তটা হবে যখন আবার ড্রেসিংরুমে ওর সঙ্গে দেখা হবে। কারণ সেখানেই আমরা আবার শুধু মানুষ আর বন্ধু হয়ে যাই। কিন্তু মাঠে আবেগের কোনো জায়গা নেই। আমরা জিততে নেমেছিলাম, সেও জিততে নেমেছিল। ড্রেসিংরুমে আবার যখন ওর সঙ্গে দেখা হবে, তখন বিষয়টা অবশ্যই আমাকে স্পর্শ করবে। কারণ সে আমার খুব কাছের বন্ধু। কিন্তু মাঠে কোনো আবেগ কাজ করে না।‘
বর্তমান ফ্রান্স দলটি ২০১৮ সালের বিশ্বকাপজয়ী দলের চেয়েও শক্তিশালী কি না—এমন প্রশ্নে এমবাপের উত্তর ছিল বিনয়ী।
তিনি বলেন, ‘না, আমি তা মনে করি না। আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি, আবার বিশ্বকাপের রানার্সআপও হয়েছি। এই দল এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি।‘
তবে বর্তমান দলের সম্ভাবনার প্রশংসা করতে ভোলেননি তিনি। তিনি বলেন, ‘এই দলের সম্ভাবনা অনেক। ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার মতো গুণগত মান আমাদের আছে। কিন্তু সবচেয়ে শক্তিশালী দল তারাই, যারা শিরোপা জেতে। এই মুহূর্তে আমাদের পাশে কোনো সোনালি ট্রফি নেই, তাই নিজেদের সেরা বলার সময় এখনও আসেনি।‘
উল্লেখ্য আজ রাত ১টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বেলজিয়াম ও স্পেন।
আরএএইচইউএল/এসকেডি//জেআইএম








