বিশ্বের অনেক কিছুই কোন এক সময় ইতিহাসের বৃত্ত পূরণ করে। আজ রাতে বিশ্বকাপ ফুটবলের স্পেন ও বেলজিয়ামের হাইভোল্টেজ ম্যাচটি তেমন বৃত্ত পূরণ করতে যাচ্ছে বলেই অনেক ফুটবলবোদ্ধা মনে করছেন।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্যালিফোর্নিয়ার দৃষ্টিনন্দন সোফি স্টেডিয়ামে যখন স্পেন ও বেলজিয়াম মুখোমুখি হবে, তখন ফুটবল রোমান্টিকদের স্মৃতিতে ভেসে উঠবে ৪০ বছর আগের সেই মহাকাব্যিক দ্বৈরথ। ১৯৮৬ সালের ২২ জুন, মেক্সিকোর পুয়েব্লার এস্তাদিও কুয়াউতেমক-এ বসেছিল বিশ্বফুটবলের অন্যতম সেরা এক নাটকের মঞ্চ।

কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ৩৫ মিনিটে বেলজিয়ামের কিংবদন্তি অধিনায়ক জান সিউলেমান্সের দুর্দান্ত হেডে লিড নিয়েছিল ‘রেড ডেভিলস’রা। স্পেনের একের পর এক আক্রমণ যখন বেলজিয়ামের জমাট রক্ষণে ফিরে ফিরে আসছিল, ঠিক তখনই ৮৫ মিনিটে ত্রাতা হয়ে আসেন হুয়ান আন্তোনিও সেনর। রিয়াল জারাগোজার এই মিডফিল্ডারের ৩০ গজ দূর থেকে নেওয়া এক 'বুলেট গতির' শট বেলজিয়ামের জাল কাঁপিয়ে স্পেনকে সমতায় ফিরিয়েছিল।

অতিরিক্ত সময়ে স্কোরলাইন আর বদলায়নি। তাই ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণী ঐ পর্বের ব্যবধান গড়ে দিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক জ্যাঁ-মারি ফাফ। স্পেনের তরুণ ফরোয়ার্ড এলয় ওলায়ার শটটি রুখে দিয়ে তিনি নায়ক বনে যান। শেষ শটে লিও ভ্যান ডার এলস্ট লক্ষ্যভেদ করতেই ৫-৪ ব্যবধানের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে বেলজিয়াম। স্প্যানিশদের জন্য সেটি ছিল এক চরম হৃদয়ভাঙার গল্প।

চার বছর পর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আবারও দেখা হয় এই দুই ইউরোপীয় পরাশক্তির। গ্রুপ পর্বের সেই ম্যাচে অবশ্য স্প্যানিশরা মধুর প্রতিশোধ নেয় ২-১ ব্যবধানে জিতে।

ঐতিহাসিক সেই লড়াইয়ের পর দীর্ঘ ৩৬ বছর বিশ্বকাপে আর কখনোই দেখা হয়নি এই দুই দলের। তবে সেই স্পেন আর এই স্পেন এক নয়। মাঝে তারা বিশ্বকাপও জিতেছিল। হেড-টু-হেড রেকর্ডে ২৩ ম্যাচে ১২ জয় নিয়ে স্পেনের আধিপত্য বেশ স্পষ্ট। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বেলজিয়ামের বিপক্ষে স্প্যানিশদের জয়ের গ্রাফটা অনেক ঊর্ধ্বমুখী।

আজকের মহারণে অনেকের দৃষ্টিতেই স্পেন ফেবারিট। দলটি এখন পর্যন্ত কোনো গোলই হজম করেনি। অন্যদিকে বেলজিয়াম অভিজ্ঞ ও তারকাখচিত দল। দলটি প্রমাণ করতে মরিয়া যে তাদের ‘গোল্ডেন জেনারেশন’ শেষ হয়ে যায়নি।

৪০ বছরের পুরনো ক্ষতের প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে আজ কেবল ফুটবলই কথা বলবে। সেমিফাইনালের টিকিট কার হাতে উঠবে সেটাই এখন দেখার।

আরআই/এসকেডি/জেআইএম