১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও ছয়জন সাক্ষ্য দিয়েছেন। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে তিন কার্যদিবসে মামলাটিতে ২৮ সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১৬ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন। সাক্ষীরা হলেন-নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার আব্দুল হাফিজ, চাঁদপুরের হাজীগঞ্জের সাব রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমান, নওগাঁর মহাদেবপুরের সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম, ভোলার চরফ্যাশনের সাব রেজিস্ট্রার কাওসার খান, ঢাকার বাড্ডার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম ও বন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম। ৩ মে অভিযোগ গঠনের মাধ্যমে বেনজীরের বিচার শুরুর আদেশ দেন আদালত। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন।