বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ সেশন শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদ এবং সাধারণ সম্পাদক গণিত বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী ইমরান খান।

রবিবার (২৮ জুন) সন্ধায় বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা ও রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এর উপস্থিতিতে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুর রাকিব মুরাদকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে ইমরান খান কে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নব-নির্বাচিত সভাপতি আব্দুর রাকিব মুরাদ।

নতুন কমিটির সভাপতি আব্দুর রাকিব বলেন, “ছাত্রশিবির একটি গতিশীল ও আদর্শভিত্তিক সংগঠন। সেই ধারাবাহিকতায় ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বেরোবি শাখার সেটআপ সম্পন্ন হয়েছে।”

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী। মেধা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য নেতৃত্ব ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং মেধা-মননের বিকাশে ধারাবাহিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সমস্যা গুলো অবজারভ করা ও সমাধানে কাজ করা হবে। সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রত্যাশা করছি।”

এর আগে, নতুন কমিটির সভাপতি আব্দুর রাকিব গত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন।