বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর থাকলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ উপলক্ষে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১০ জুলাই) বিকালে আয়োজিত এ মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত দ্রুত শেষ করার দাবি জানান নেতারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে কৃষ্ণচূড়া ও দেবদারু সড়ক হয়ে আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।
মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম, সাধারণ সম্পাদক জহির রায়হানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা ‘যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতি ছাত্রদলের মাধ্যমে বাস্তবায়ন হবে। প্রতিটি নেতাকর্মী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করবে। শিক্ষার্থীদের পড়ালেখা থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা বাস্তবায়নে ছাত্রদল কাজ করবে। জুলাই আন্দোলনের সময়ও ছাত্রদলের সবসময় রাজপথে ভূমিকা ছিল।”
শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল বলেন, “৫ই আগস্টের পরে এ বিশ্ববিদ্যালয়ে অনেকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই তদন্ত কমিটিগুলোর এখনো কোনো সুরাহা হয়নি। আমরা ছাত্রদল এখান থেকে জানিয়ে দিচ্ছি, সেগুলো দ্রুত পেশ করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা যদি না হয়, ছাত্রদল তা রাজপথের মাধ্যমে আদায় করে নেবে।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, “আমরা চেষ্টা করব আমাদের যারা ত্যাগী নেতাদের কমিটিতে বাদ দিয়েছি, তাদের যেন মূল্যায়ন হয়। এ ক্যাম্পাসে নতুন কমিটি গঠনের পর থেকে ছাত্রলীগের সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।। গত ৭ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে এই আংশিক পূর্ণ কমিটি প্রকাশ করা হয়।








