রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম বুধবার (৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। ভর্তি শেষে আগামী ১৫ জুলাই থেকে নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত পরীক্ষায় উত্তীর্ণ ও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ৮ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদের নির্দিষ্ট বুথে এই কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম প্রশাসনিক ভবনের ৪র্থ তলার ৪০৫ নম্বর কক্ষে (এ-১ বুথ), বিজ্ঞান অনুষদের ৪৩১ নম্বর কক্ষে (এ-২ বুথ) এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৪৩২ নম্বর কক্ষে (এ-৩ বুথ) অনুষ্ঠিত হবে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম প্রশাসনিক ভবনের ৩য় তলার ৩২১ নম্বর কক্ষে (বি-১ বুথ), কলা অনুষদের ভর্তি কবি হেয়াত মামুদ ভবনের ৩য় তলায় (বি-২ বুথ) এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি প্রশাসনিক ভবনের ৪র্থ তলার ৪০৪ নম্বর কক্ষে (সি বুথ) সম্পন্ন হবে।ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, পূরণকৃত ফরম, ফি জমাদানের রসিদ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও মূল নম্বরপত্রের ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। কোটাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদের ফটোকপি প্রয়োজন হবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ জুলাই ক্লাস শুরুর আগে নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে যোগাযোগ করে ওরিয়েন্টেশন ক্লাসের সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।/