দীর্ঘ প্রতীক্ষার পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। স্ত্রীর নির্যাতনের অভিযোগ থাকায় সিনিয়র সহ-সভাপতির পদ স্থগিত রেখে ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিলো কেন্দ্রীয় সংসদ।
গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি গঠনের পর ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা থাকলেও দীর্ঘ প্রায় ৮ মাস পর এই কমিটির অনুমোদন দিলো কেন্দ্রীয় সংসদ।
ঘোষিত কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব অসাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সজীব গাজী এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. সুমন হোসাইন দায়িত্ব পেয়েছেন। এছাড়া মো. মাসুদ রানাকে প্রচার সম্পাদক এবং মোছা. আসমা আক্তার খুশীকে সহ-সভাপতি পদমর্যাদায় ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে ১৩ জন সহ-সভাপতি, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ১৪ জন সহ-(সাংগঠনিক) সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ৬ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
নতুন কমিটির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, ছাত্রদলের নতুন কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্বকে আমি সম্মানের চেয়ে বড় একটি আমানত হিসেবে মনে করি। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে সমুন্নত রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।
যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল বলেন, ছাত্রদল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, আমারা অত্যন্ত আনন্দিত পূর্ণাঙ্গ কমিটি পেয়ে। রাকিব, নাসির, মুসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ত্যাগী, যোগ্য ছাত্ররা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সব কাজ করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজিজুর রহমান/এনএইচআর








