অবশেষে ফল পাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) এ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এর আগে, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।

ফল মিলবে অনলাইনে ও এসএমএসে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, ফল প্রকাশের পর অভিভাবকরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল। আর মোবাইল ফোনে এসএমএসের নিয়ম পরে জানিয়ে দেবে অধিদপ্তর।

বৃত্তি পাবে কতজন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবার মোট বৃত্তির সংখ্যা ৮২ হাজার ৫০০টি। অর্থাৎ, মেধাক্রম ও জেলা-উপজেলাভিত্তিক হিসাবে এ সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির সংখ্যা ৬৬ হাজার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীর হিসাব অনুযায়ী- বৃত্তির অনুপাত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রের ৮ঃ১ (প্রতি ৮ জনে একজন) এবং বেসরকারির ক্ষেত্রে ৫.৫ঃ১ (প্রতি সাড়ে ৫ জনে একজন)।

কারা কত টাকা পাবে, কতদিন পাবে

শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন। বর্তমান বৃত্তির হার অনুযায়ী- ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে।

অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা পাবে।

এএএইচ/এএমএ