সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন

চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার আভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) দেওয়ার নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে।

ছক অনুযায়ী, কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে তাদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত ও কারা দুই বছরের বেশি সময় ধরে অনুপস্থিত, সেটিও পৃথকভাবে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার প্রশ্ন পাঠানো ও বিতরণে অত্যন্ত সতর্ক হওয়ার নির্দেশ

অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/ থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এএএইচ/কেএসআর