ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের আওতায় বনরুটি, কলা ও সেদ্ধ ডিম সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালককে অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিল না পাওয়ায় এসব বিদ্যালয়ে খাবার সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি করেছেন সরবরাহকারী।
চিঠিতে বলা হয়েছে, গৌরীপুর উপজেলার ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত। এ উপজেলায় গত ৭ জুন থেকে বনরুটি, কলা ও সেদ্ধ ডিম বিতরণ বন্ধ রয়েছে। অন্যান্য খাবার সামগ্রী ইউএইচটি দুধ ও ফরটিফাইড বিস্কুট বিতরণ অব্যাহত রয়েছে। সপ্তাহের সোমবার ইউএইচটি দুধ এবং বুধবার ফরটিফাইড বিস্কুট বিতরণ চলছে।
বাকি দিনগুলোতে শিক্ষার্থীরা খাবার পাচ্ছে না জানিয়ে চিঠিতে বলা হয়, খাবার সামগ্রী সরবরাহকারীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তারা খাবারের বিল না পাওয়ায় খাবার সামগ্রী বিতরণ করতে পারছেন না বলে অবহিত করেছেন। এ অবস্থায় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।
এএএইচ/এএমএ








