বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা।
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
বিএডিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ বিভাগের সাম্প্রতিক এক আদেশে প্রতিষ্ঠানটির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানটির অধিকাংশ পদের বেতন গ্রেড এক ধাপ করে কমানো হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে।
কর্মকর্তাদের অভিযোগ, নতুন আদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত পদমর্যাদা ও বেতন গ্রেডের অবনমন করা হয়েছে। এতে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও সংকুচিত হবে। এ সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেলের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি তাদের।
বিএডিসির তথ্য অনুযায়ী, এত দিন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদ ছিল দ্বিতীয় গ্রেডের। নতুন আদেশে এসব পদ তৃতীয় গ্রেডে নির্ধারণ করা হয়েছে।
জানতে চাইলে বিএডিসির জনসংযোগ কর্মকর্তা এস এ এম এস এম সাঈব আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের প্রচলিত নিয়ম অনুসারে এত দিন আমরা বেতন স্কেল পেয়ে আসছি। কিন্তু সম্প্রতি অর্থ বিভাগের নতুন আদেশে আমাদের ন্যূনতম এক গ্রেড নিচে নামিয়ে দেওয়া হয়েছে। যা প্রচলিত বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। বেতন বৈষম্যের প্রতিবাদের বিএডিসির কর্মীরা কর্মবিরতি শুরু করেছে। সংকট সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’








