কিশোরগঞ্জের ভৈরবের তিনটি মৌজার নামে ইজারা নেওয়া বালুমহালের আড়ালে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশের মেঘনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা। এতে প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার সকালে নদীর পাড়ে মানববন্ধন শেষে চরসোনারামপুর গ্রামের বাসিন্দা আশুগঞ্জ গোলচত্বরে মহাসড়কে শুয়ে পড়েন। পরে আশুগঞ্জ ইউএনওর আশ্বাসে তারা অবরোধ উঠিয়ে নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ভৈরবের সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর মৌজার নামে বালুমহালের ইজারা দেওয়া হলেও বাস্তবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে আশুগঞ্জের চরসোনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে।

এতে আশুগঞ্জ বাজার, তাপবিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের খুঁটি, কৃষিজমি ও নদীর তীর ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা শিতল চন্দ্র দাস বলেন, অবৈধ ড্রেজিংয়ের কারণে নদী আমাদের ঘরবাড়ি কেড়ে নিচ্ছে। আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, সীমানা লঙ্ঘন করে কোথাও বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।