ভৈরবে যুবককে হত্যার পর বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলে রাখা হয়েছে। মুকসুদপুরে কিশোরী, মতলব দক্ষিণে বৃদ্ধ ও কাহালুতে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : গোপালগঞ্জের মুকসুদপুরে মনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মনিয়া দিঘিরপাড় গ্রামের কেয়া আলম শেখের মেয়ে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে নাছির উদ্দিন প্রধান ওরফে আলমাছ প্রধানীয়া নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর পুরণ গ্রামের প্রধানীয়া বাড়ির পাশের পুকুর পাড়ের কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাছির উপজেলার নারায়নপুর ইউনিয়নের পুরণ গ্রামের বাসিন্দা। গত ১৯ জুন বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার শহরের চন্ডিবের এলাকার পলতাকান্দা নদীর পাড় ঘাট থেকে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। বগুড়ার কাহালুতে আল আমিন (১৫) নামে নিখোঁজ কিশোরের লাশ শ্মশানের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নারহট্ট ইউনিয়নের পিন্টুখুর গ্রামের হাটগাড়ি শ্মশানের পুকুরে তার লাশ পাওয়া যায়। সে সোমবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।








