দেশের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার অভিনীত প্রথম দুই সিনেমা ‘প্রিয়মালতী’ ও ‘সাবা’ দিয়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। দুটি সিনেমার জন্যই তিনি বিভিন্ন সংগঠন থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে কী নিয়ে ব্যস্ত জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘আপাতত নতুন কোনো কাজ করছি না। তবে সিনেমা, ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে প্রতিনিয়ত। অবশ্যই ভালো লাগলে নতুন সিনেমা কিংবা ওয়েব ফিল্মে অভিনয় করব। আর যখন নতুন কোনো কাজে অভিনয় করব নিশ্চয়ই তা আমার ভক্ত-দর্শক জানতে পারবেন। কারণ ভক্ত-দর্শকের জন্যই আমি আজকের এ অবস্থানে এসেছি। তাদের ভালোলাগার কথা চিন্তা করেই আমি ভালো গল্পের বিষয়টি মাথায় রাখি। আর এখন অভিনয় জীবনের এমন একটি অবস্থানে আছি যেখানে আমি আরও ভালো ভালো গল্পের কাজ করার বিষয়ে ভীষণ চুজি।’