ইরান ইস্যু নিয়ে একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক বিরোধ এখন তুঙ্গে। মিলোনিকে নিয়ে আবারও নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট মেলোনিকে একজন ‘ভালো মানুষ’ হিসাবে বর্ণনা করলেও, ইরানের সঙ্গে চলমান সংঘাত ও সংকটে ওয়াশিংটনকে সাহায্য না করায় তার তীব্র সমালোচনা করেছেন। তুরস্কে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এমন মন্তব্য করেন ট্রাম্প। রয়টার্স। তুরস্কে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, ‘ইরানের বিষয়ে মেলোনি আমাদের সাহায্য করতে অস্বীকার করায় তার সঙ্গে আমার সম্পর্ক কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। মেলোনি এই সংকটে জড়াতে রাজি হননি, তাই আমাদের সম্পর্কটা কিছুটা তিক্ত হয়েছে। তবে আমি তাকে পছন্দ করি, তিনি একজন ভালো মানুষ। কিন্তু আমার মনে হয় তিনি একটি বড় ভুল করেছেন।’ মেলোনি ও ট্রাম্পের মধ্যকার এই বিরোধের সূত্রপাত গত মাসে, যখন ট্রাম্প দাবি করেন যে ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। মেলোনি এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানিয়ে বলা গল্প বলে প্রত্যাখ্যান করেন। এরপরই ট্রাম্প তার একটি ছবি পোস্ট করেন, যেখানে মেলোনিকে ট্রাম্পের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।