কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত পাখিভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) উপজেলার উত্তর ভবানীপুর ডাকেরবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।উত্তর ভবানীপুর এলাকার পলাতক ভাঙাড়ি ব্যবসায়ী রিপন হোসেনের দোকানে চোরাই মালামাল কেনাবেচার সময় প্রথমে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে আরও মালামাল উদ্ধার করা হয়।উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান, দুটি গ্যাস সিলিন্ডার, বিপুল পরিমাণ সিলভারের হাঁড়ি-পাতিল, কড়াই, সসপ্যান ও লোহার রড।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রেজাউল করিম (৩৭), বাহরাম আলী (৪৭), অনিক শেখ (২৭), রেন্টু ইসলাম বাচ্চু (৩০), রিপন মাল ওরফে কালু (৩৭) ও নাজমুল (২৩)। এ ঘটনায় ভেড়ামারা থানায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে। তবে মূল অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী রিপন হোসেন এখনো পলাতক রয়েছেন।ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।