বিচার বিভাগের জন্য বরাদ্দ ‘অপ্রতুল’ উল্লেখ করে এক টাকার প্রতীকী ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বিচার বিভাগ-সংক্রান্ত মঞ্জুরি দাবির ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ১৫ কোটি টাকা, যা জিডিপির প্রায় ০.০৩ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা হলেও জিডিপির অনুপাতে বরাদ্দ এখনও প্রায় একই অবস্থায় রয়েছে।
তিনি বলেন, বিচার বিভাগের চেয়ে বিটিভির মতো একটি খাতেও কয়েক গুণ বেশি বরাদ্দ রয়েছে। অথচ আইনের শাসন, ন্যায়বিচার ও সবার সমান অধিকার নিশ্চিত করতে একটি শক্তিশালী বিচার বিভাগ অপরিহার্য।
রুমিন ফারহানা জানান, দেশে বর্তমানে ৫০ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। মামলাজট নিরসন এবং বেঞ্চ ও বারের সক্ষমতা বৃদ্ধি না করলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এ সময় তিনি আইনজীবীদের কল্যাণ নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে উল্লেখ করে বলেন, প্রতিবছর আইনজীবীরা যে ফি পরিশোধ করেন, তার সুবিধা অনেকেই জীবনের শেষ পর্যায়ে আর পান না। অসুস্থতা বা বার্ধক্যের কারণে আদালতে যেতে না পারলেও অনেক আইনজীবী মানবেতর জীবনযাপন করেন। একইভাবে শিক্ষানবিশ আইনজীবীদেরও অনিশ্চিত ভাতার ওপর নির্ভর করে চলতে হয়।
তিনি বিচার বিভাগ ও আইনজীবীদের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।








