ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার সকালে পটুয়াখালী চৌরাস্তায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং নিরাপদ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে এ মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চেম্বারের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন। তিনি বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি পর্যটন, বাণিজ্য, কৃষি, শিল্প এবং বিনিয়োগের প্রসার ঘটবে, যা এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের দীর্ঘদিনের ওই যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।