ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ছাড়া ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসসহ অন্তত ৪ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আজ শনিবার রাত ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সোয়াদি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলে ওই এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে থাকা ডিম উত্তোলন করতে যায়। তখন দ্রুতগতিতে নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাঁদের ওপর তুলে দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে অনেকে হতাহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেসওয়ের বাসটিসহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
নিহতের সংখ্যা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত আমরা পাঁচজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।








