সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশের একটি দল পাঁচলিয়া বাজার এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। আটক নারীদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন, নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা, আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা, পারভীন, বৃষ্টি, রোজিনা আক্তার, বিউটি খাতুন, শেফা আক্তার, তামান্না, জুমা এবং সুবিনা আক্তার লাকী।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান, আটক নারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন এবং সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আটক ১১ নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।








