ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (৬ জুলাই) রাতে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে স্বীয় ইউনিটের পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পাওয়ার পর রিয়াজুল কবির মো. মামুন বলেন, ‘দেশ গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল তৃণমূল পর্যায়ে কাজ করবে। বিশেষ করে যুবকদের কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করতে যুবনীতি প্রণয়নের উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা ভূমিকা রাখবেন।’
তিনি আরও বলেন, ‘মাদক, জুয়া ও সন্ত্রাস নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে যুবদল।’
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকুনোজ্জামান রোকন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর ২০২৫ সালের ৩ জানুয়ারি সহসভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। প্রায় দেড় বছর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে তিনি এবার পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পেলেন।
হোসাইন সুলভ/কেজে/এএসএম








