ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫০ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছেন। রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের বেনাপোলে হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা। উন্নত কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে তারা দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।
জানা গেছে, ভারতের তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক এসব বাংলাদেশি নাগরিককে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। নাগরিকত্ব যাচাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৩ জুলাই কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়াগামী ট্রেনে পশ্চিমবঙ্গে আনা হয়। পরে পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরের পর দুই দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, ভালো চাকরির প্রলোভনে পড়ে তারা দালালের সহায়তায় সীমান্তের অবৈধ পথ ব্যবহার করে ভারতের তামিলনাড়ুতে গিয়েছিলেন। সেখানে বাসাবাড়ি, পোশাক কারখানা ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের দুই থেকে তিন বছরের কারাদণ্ড দেয়।
তিনি আরও জানান, সাজা ভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে মুক্ত করে নিজেদের আশ্রয়কেন্দ্রে রাখে। পরবর্তীতে দুই দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৫০ জন বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, পরে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব গ্রহণ করবে এবং নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা ব্যক্তিদের প্রথমে যশোরের আশ্রয়কেন্দ্রে রাখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
The post ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফেরত ৫০ বাংলাদেশি appeared first on ZoomBangla.







