কুমিল্লার তিতাস উপজেলায় মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরের ঘটনায় বড় বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
শনিবার রাতে উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সানাউল্লাহ (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার নেশার টাকার জন্য বড় বোন রাজিয়া আক্তারকে (৩৫) মারধর করে। এ সময় স্থানীয় লোকজন সানাউল্লাহকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন।
এদিকে আহত বড় বোন রাজি আক্তারকে উপজেলা স্বাস্থ্য ভর্তি করালে পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা এবং তিতাস থানা-পুলিশ ঘটনাস্থলে যান। মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সানাউল্লাহকে মাদক সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, মাদকের টাকার জন্য বড় বোনকে মারধর করেন। এ ঘটনায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে।








