ভারতে পর্যটন ভিসায় ভ্রমণ করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবেদনের হিড়িক পড়েছে। রোববার থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ করছে। তবে রোববার যারা আবেদন করেছেন, তারা আজ সোমবার থেকে ভিসা সেন্টারগুলোতে সেই আবেদন জমা দিতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকার যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভ্যাক কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার যারা বিভিন্ন ভিসা সেন্টারে ফরমসহ পাসপোর্ট জমা দিয়েছেন, সেগুলো মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসার আবেদন ছিল। এদিন পর্যটন ভিসার জন্য ফরম বা পাসপোর্ট জমা রাখা হয়নি।

বসুন্ধরা সড়কের আজ ট্রাভেলের স্বত্বাধিকারী মো. আতাউর রহমান যুগান্তরকে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই শতাধিক ব্যক্তি ভিসার জন্য ফরম পূরণ করতে এসেছেন। এখন থেকে দিন যত যাবে, তাদের সংখ্যা বাড়বে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশিদের জন্য ভারতের অধিকাংশ নিয়মিত ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সময়ে দেশজুড়ে আইভ্যাক কেন্দ্রগুলোর কার্যক্রমও সীমিত হয়ে পড়ে। পরবর্তীতে সীমিত পরিসরে পাসপোর্ট বিতরণ পুনরায় শুরু হলেও পর্যটন ভিসা চালু হয়নি। কেবল চিকিৎসা, ব্যবসা, শিক্ষার্থী এবং সরকারি কাজের মতো জরুরি ক্যাটাগরির আবেদন গ্রহণ করা হচ্ছিল।

ভারতের পর্যটন ভিসার জন্য প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। সেটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার আগের কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হয়। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড সম্পন্ন করতে হবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরাই বিকাল ৫টার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ পাবেন। সাইন-আপের সময় আবেদনপত্রে ব্যবহৃত একই ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। এরপর ই-মেইল ও মোবাইলে পাঠানো পৃথক ওটিপির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না হলে ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।

নিবন্ধনের পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পছন্দের সময় নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। এরপর অনলাইনে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।