ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করা হবে। গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরীর থানাগুলোতে পৃথক পৃথক প্রস্তুতিসভা হয়েছে। এসব সভায় নগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার, সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, এম এইচ মেস্তফাসহ নগর নেতারা অংশ নেন।

আরও পড়ুন

জামায়াত আমির / জুলাই সনদকে প্রতারণার দলিল বলে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে

এদিকে শুক্রবারের সমাবেশ ও গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন আহমদ আবদুল কাইয়ূম ও আব্দুল আউয়াল মজুমদার। এক বিবৃতিতে তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশে নতুন করে সংকট সৃষ্টি হবে। জুলাই বিপ্লবকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
নেতারা আরও বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র হয়েও প্রতিবেশীর আচরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের আচরণ বড় ভাইসুলভ। ভারতের আধিপত্য বাংলাদেশের জন্য মহাসংকট সৃষ্টি করবে। ভারত তাদের নগ্ন থাবা বিস্তার করে বাংলাদেশকে তাদের করদরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দিতে প্রস্তুত রয়েছে। 

নেতারা সমাবেশ সফলের জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব স্তরের নেতাকর্মীসহ দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

এমইউ/একিউএফ