মহারাষ্ট্রের রায়গড় জেলায় টানা ভারী বৃষ্টির মধ্যে প্রায় ৩ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার নদীতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে পাটালগঙ্গা নদীতে হাজারো সিলিন্ডার ভাসতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বর্ষণে এইচপিসিএলের (হিন্দুস্তান পেট্রোলিয়াম) পাটালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা দেয়াল ভেঙে যায়। এতে বন্যার পানি প্ল্যান্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার পাটালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে ভেসে যায়।
A shocking video has emerged from Maharashtra's Raigad amid heavy rain. Around 3,000 gas cylinders were swept away by the strong flow of water from the HPCL Patalganga LPG Bottling Plant and were seen floating in the Patalganga River.
— NDTV (@ndtv) July 9, 2026
Watch.
Read more: https://t.co/KHVhsO4sPU pic.twitter.com/KDCJuHtE15
ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা একটি সেতু থেকে নদীতে ভাসমান সিলিন্ডারের ভিডিও ধারণ করেন।
প্রশাসনের আশঙ্কা, নদীতে ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনও গ্যাস থাকতে পারে। তাই এগুলো স্পর্শ না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে জানিয়েছেন, কেউ যদি নদী বা আশপাশের এলাকায় এসব সিলিন্ডার দেখতে পান, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এইচপিসিএলের কাছে জমা দিতে হবে।
সিলিন্ডারগুলো এইচপিসিএলের প্ল্যান্ট, নিকটস্থ এইচপিসিএল ডিলার, খালাপুর তহসিল অফিস অথবা উপ-বিভাগীয় কর্মকর্তার (এসডিও) কার্যালয়ে জমা দেওয়া যাবে।
প্রশাসন আরও জানিয়েছে, ভেসে যাওয়া সিলিন্ডারগুলো নিরাপদ অবস্থায় আছে কি না বা সেগুলোতে গ্যাস রয়েছে কি না, তা নিশ্চিত নয়। তাই কৌতূহলবশত সেগুলো তুলে নেওয়া, খোলার চেষ্টা করা বা বাড়িতে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
এ কারণে সাধারণ মানুষকে সিলিন্ডারগুলো থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং দ্রুত প্রশাসনকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভিএমএসএম








