সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করবে সমাজসেবা অধিদপ্তর। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, চা-শ্রমিকসহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, আবেদনকারীদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।
যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
অধিদপ্তর জানিয়েছে, নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আগের আবেদন যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
The post ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন করবেন যেভাবে! appeared first on ZoomBangla.







