ইতালির ভেনিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আরআইসি একাডেমি’র নতুন এডুকেশন সেন্টার উদ্বোধন এবং অফলাইন ক্লাস বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরআইসি সল্যুশনের পরিচালক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আরআইসি একাডেমির পরিচালক ড. ঋতু মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সেলিম, পলাশ রহমান, তানভীরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মারুফা, আরাফ এলেনা প্রমুখ।

jagonews24

দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ড. ঋতু মিয়া বলেন, ‌আরআইসি একাডেমি দীর্ঘ ৯ বছর ধরে অভিবাসী বাংলাদেশিদের ইতালিয়ান ভাষা শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। এতদিন এই কার্যক্রম শুধু অনলাইনে পরিচালিত হলেও, সম্প্রতি ভেনিসে বসবাসকারী অভিবাসীদের সুবিধার্থে অফলাইনে ভাষা শিক্ষা, সার্টিফিকেট প্রদান এবং ড্রাইভিং কোর্স শুরু করা হয়েছে।এই কার্যক্রমগুলো প্রাতিষ্ঠানিকভাবে আরও বেগবান করার লক্ষ্যেই নতুন এই এডুকেশন সেন্টারটি উদ্বোধন করা হলো।

তিনি বলেন, ইন্টিগ্রেশন মানে বৈচিত্র্যকে ধারণ করা; কারো নিজস্ব সংস্কৃতি বা ধর্মকে গলা টিপে হত্যা করা নয়। নিজের স্বকীয়তা বিলীন করে অন্য সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার নাম ইন্টিগ্রেশন নয়। তাই নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষা করতে হলে ইতালীয় ভাষা জানা অত্যন্ত প্রয়োজন।

jagonews24

ড. ঋতু মিয়া ভেনিসের রাজনীতি ও সামাজিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। তিনি স্থানীয় নির্বাচনে ইতালির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিডি (পার্টাতো ডেমোক্রেটিকো) থেকে সিটি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। তিনি ভেনিস বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন এবং দীর্ঘদিন ধরে অভিবাসীদের ইতালীয় ভাষা শিক্ষাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরআইসি একাডেমি থেকে ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এমআরএম