ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলা ও তাদের কর্মস্থলে ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীরা। মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি ছাত্র সমিতি-সিকৃবি, বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় চ্যাপ্টার এবং সিলেট প্রাইভেট ভেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুপুর ১টায় কর্মসূচিটি আয়োজন করা হয়।
কর্মসূচিতে সিকৃবির ভেটেরিনারি এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাহবুব, প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তিলক চন্দ্র নাথ, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক অনিমেষ চন্দ্র রয়, মেডিসিন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মতিউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুনায়েদ কবির, ডা. সোহাগ তালুকদারসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ভেটেরিনারি পেশাজীবীরাও এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, পুরো পেশার জন্যও উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে জানানো হয়, গত ২১ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে ‘ডক্টরস পেট কেয়ার’ চেম্বারে ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় তাকে মারধর এবং চেম্বারে ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এর একদিন আগে কেওয়াটখালি বাজারে ডা. মো. আব্দুল হান্নানের ‘ভেট অ্যান্ড পেট কেয়ার ময়মনসিংহ’ চেম্বারেও হামলার অভিযোগ করা হয়। দুই চিকিৎসকই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সাবেক শিক্ষার্থী।
সিকৃবির ভেটেরিনারি এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাহবুব বলেন, “ভেটেরিনারি পেশাজীবীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” একইসঙ্গে প্রাণিসম্পদ উন্নয়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকার কথা উল্লেখ করে দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তিলক চন্দ্র নাথ বলেন, “চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। কর্মক্ষেত্রে আতঙ্ক থাকলে একজন চিকিৎসকের পক্ষে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেটেরিনারিয়ানদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি ময়মনসিংহের ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান বলেন, “হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভেটেরিনারিয়ানদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় আইন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এ ঘটনার যথাযথ সমাধান না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার পথে যেতে বাধ্য হবেন তারা।







