ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান বাংজিতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মালিক প্রতিষ্ঠান সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট। ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জনপ্রিয় গেম ডেসটিনি ফ্র্যাঞ্চাইজির উন্নয়ন দলের ওপর। যদিও ঠিক কতজন কর্মী চাকরি হারিয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি সনি।
এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী বিবৃতিতে সনি জানিয়েছে, স্টুডিওর বর্তমান অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রাখতে বিভিন্ন বিকল্প পর্যালোচনার পর কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘোষণা এসেছে ডেসটিনি ২-এর সর্বশেষ কনটেন্ট আপডেট প্রকাশের পরপরই। এর আগে গত মে মাসে প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, বাংজি বর্তমানে ডেসটিনি ৩ নিয়ে কাজ করছে না। প্রতিষ্ঠানটিতে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা আছে।
‘ম্যারাথন’ টিমেও প্রভাব
সনির এ সিদ্ধান্তে বাংজির নতুন গেম ম্যারাথনের কিছু কর্মীও চাকরি হারিয়েছেন। তবে গেমটির উন্নয়ন ও ভবিষ্যৎ কনটেন্ট আপডেট অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সনি বলেছে, ম্যারাথনের অবশিষ্ট ডেভেলপমেন্ট টিম ভবিষ্যৎ নতুন প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গেমটির উন্নয়ন চালিয়ে যাবে।
পদ ছাড়ছেন স্টুডিও প্রধান
ছাঁটাইয়ের প্রভাব শীর্ষ পর্যায়েও পড়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বাংজির স্টুডিও প্রধান জাস্টিন ট্রুম্যান পদত্যাগ করছেন।
প্রত্যাশা পূরণ করতে পারেনি ডেসটিনি
সনি এর আগেই জানিয়েছিল, ডেসটিনি ২ থেকে প্রত্যাশিত বিক্রি ও ব্যবহারকারীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। ২০২২ সালে প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে বাংজিকে অধিগ্রহণ করেছিল সনি। তবে পরে প্রতিষ্ঠানটির মূল্যায়ন কমিয়ে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। ফলে অধিগ্রহণের পর থেকে বাংজির মূল্যায়নে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনগ্যাজেট।
এসইউ








