প্রায় দুই দশক আগে জনপ্রিয়তা পাওয়া বক্সি ডিজাইনের এসইউভি হোন্ডা এলিমেন্ট আবারও বাজারে ফিরতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অটোমোটিভ নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৯ সালে সাশ্রয়ী মূল্যের একটি হাইব্রিড এসইউভি হিসেবে এলিমেন্টকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে হোন্ডা।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এলিমেন্টটি হোন্ডার এইচআর-ভি এবং সিআর-ভি মডেলের মাঝামাঝি অবস্থানে থাকবে। বাজারে এটি ফোর্ড ব্রঙ্কো স্পোর্টের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে হোন্ডা এখনো এলিমেন্ট ফিরিয়ে আনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
জানা গেছে, সম্প্রতি ছোট আকারের অফ-রোড সক্ষম এসইউভির চাহিদা বাড়ায় বাজারে আরও শক্ত অবস্থান নিতে চায় হোন্ডা। বর্তমানে প্রতিষ্ঠানটি সিআর-ভি ও পাসপোর্টের ট্রেইলস্পোর্ট সংস্করণসহ অফ-রোড উপযোগী একাধিক মডেল বাজারজাত করছে।
আরও পড়ুন
বর্ষাকালে সত্যিই কি গাড়ির মাইলেজ কমে যায়?
প্রতিবেদন অনুযায়ী, নতুন হাইব্রিড এলিমেন্ট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে হোন্ডার কারখানায় উৎপাদন করা হতে পারে। বাজারে আসার পর প্রথম পূর্ণ বছরে প্রায় ১ লাখ ইউনিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
২০১১ সালে বন্ধ হয়েছিল উৎপাদন
হোন্ডা ২০১১ সালে এলিমেন্টের উৎপাদন বন্ধ করে দেয়। বিক্রি কমে যাওয়াই ছিল এর প্রধান কারণ। তবে উৎপাদন বন্ধ হলেও মডেলটি এখনো অনেক ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এবং যুক্তরাষ্ট্রের সড়কে এখনো এ গাড়ি দেখা যায়।
এলিমেন্টের অন্যতম আকর্ষণ ছিল এর ব্যবহারবান্ধব অভ্যন্তরীণ নকশা। কার্পেটবিহীন কেবিন সহজে পরিষ্কার করা যেত। এ ছাড়া পেছনের আসন ভাঁজ করে ক্যাম্পিং, মালামাল পরিবহন কিংবা প্রয়োজন হলে পুরো আসন খুলেও ব্যবহার করা যেত।
সম্ভাব্য দাম
বিশ্লেষকদের ধারণা, নতুন এলিমেন্ট যদি এইচআর-ভি ও সিআর-ভির মাঝামাঝি অবস্থানে আসে, তাহলে এর প্রাথমিক মূল্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার মার্কিন ডলার হতে পারে।
আরও পড়ুন
নতুন রূপে আসছে টয়োটা হাইলাক্স, মিলতে পারে হাইব্রিড ইঞ্জিন
কী বলছে হোন্ডা?
এ বিষয়ে হোন্ডার এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘২০১১ সালে উৎপাদন বন্ধ হওয়ার পরও এলিমেন্টের একটি শক্তিশালী ভক্তগোষ্ঠী রয়েছে। এর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে অনলাইনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ব্যবহারকারীদের আগ্রহকে সম্মান করি। তবে ভবিষ্যতের পণ্য পরিকল্পনা নিয়ে আমরা কোনো ধরনের জল্পনা-কল্পনায় অংশ নিতে চাই না।’
সূত্র: এনগ্যাজেট।
এসইউ







