চলতি বছরের শুরু থেকেই একাধিক নাটক নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী নাজনীন নিহা। নাটকগুলো যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি তার অভিনয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে। সে ধারাবাহিকতায় বেশ কয়েকটি ভিন্ন ধাঁচের গল্পের নাটকে অভিনয় নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। নিজের নতুন নাটক প্রসঙ্গে নিহা বলেন, ‘আমি শুরু থেকেই কম কাজ করছি। তবে চেষ্টা করছি মানুষের মনে জায়গা করে নেওয়ার। আমার প্রতিটি কাজে ভিন্ন কিছু না কিছু থাকছে। দর্শকরাও সেগুলো গ্রহণ করছেন। সামনেও আরও কিছু নাটক আসছে। সেখানেও নিজেকে নানাভাবে উপস্থাপন করার চেষ্টা অব্যাহত রাখছি।’ তবে শুধু নিজের চরিত্র বা অভিনয় নয়, অভিনেতা অপূর্বর সঙ্গে তার জুটিও প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এ প্রসঙ্গে নিহা আরও বলেন, ‘এটা অবশ্যই আনন্দের বিষয়। একজন অভিনেত্রীর জন্য দর্শকের ভালোবাসা সবচেয়ে বড় অর্জন। সামনে আমাদের জুটি থেকে আরও কিছু ভালো কাজ উপহার পাবেন দর্শকরা।’








